ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : রাজনৈতিক বড় ভাই কিংবা নেতার দাপট থামাতে পেশিশক্তির নয় তথ্য ও জনমতের শক্তিকেই সবচেয়ে বড় অস্ত্র হিসেবে দেখছেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা তাসনিম জারা। নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে দেওয়া একাধিক পোস্টে তিনি বলেন, নির্বাচিত হলে এলাকায় কোনো রাজনৈতিক দাপট চলতে দেবেন না।
ডা তাসনিম জারা লেখেন, একজন তাকে বলেছেন নির্বাচিত হলে তিনি সৎ থাকতে পারবেন, তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রাজনৈতিক বড় ভাই বা নেতার দাপট থামাতে পারবেন না। এর জবাবে তিনি বলেন, এটা কেউ করতে পারলে আমি পারবো।
তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সবসময় পেশিশক্তির প্রয়োজন হয় না। প্রয়োজন হয় অন্যায়ের রাজনৈতিক মূল্য বাড়িয়ে দেওয়া। যারা দাপট দেখাতে অভ্যস্ত, তারা পাবলিক এক্সপোজারকে সবচেয়ে বেশি ভয় পায়। তাই কোনো অন্যায়ের ঘটনা নিখুঁতভাবে ডকুমেন্ট করে জনসম্মুখে আনলে রাজনৈতিক দলগুলো নিজেরাই বাধ্য হয় তাদের কর্মীদের সামলে রাখতে।
ডা তাসনিম জারা আরও বলেন, এই কাজের জন্য তার কাছে দুটি গুরুত্বপূর্ণ হাতিয়ার আছে। প্রথমত, এভিডেন্স কীভাবে যথাযথভাবে সংগ্রহ ও উপস্থাপন করতে হয় সেই প্রাতিষ্ঠানিক শিক্ষা ও অভিজ্ঞতা। দ্বিতীয়ত, কোনো ভায়া মিডিয়া ছাড়াই মুহূর্তের মধ্যে সত্য কোটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার মতো নিজস্ব প্ল্যাটফর্ম।
তার ভাষায়, আমরা অন্যায়ের ঘটনাগুলোকে পাবলিক রেকর্ডে পরিণত করবো। পেশিশক্তি দিয়ে হয়তো সাময়িক দাপট দেখানো যায়, কিন্তু তথ্য ও জনমত দিয়ে যে সামাজিক চাপ সৃষ্টি করা সম্ভব, তা উপেক্ষা করার সাধ্য কোনো রাজনৈতিক দলের নেই। দুনিয়ার সবচেয়ে নির্মম স্বৈরশাসকরাও এটা পারেনি।
এর আগে আরেক পোস্টে তিনি লিখেন, আমি নির্বাচিত হলে ঢাকা ৯ এ কোনো রাজনৈতিক বড় ভাই বা নেতার দাপট আপনাদের ওপর চলবে না। আপনারা নিজের এলাকায় বুক চিতিয়ে, সগৌরবে চলবেন।
ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ডা. তাসনিম জারা ফুটবল প্রতীকে নির্বাচন করছেন।








