ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : কুয়েতে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হয়েছে। আজ বুধবার (২৫ নভেম্বর) কুয়েতের সুবহান সেনানিবাসের বিএমসি সদর দফতর প্রাঙ্গণে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ‘বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্টস্ (বিএমসি) টু কুয়েত’-এর উদ্যোগে দিবসটি পালিত হয়।
অনুষ্ঠানে কুয়েত সশস্ত্র বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন দেশের প্রতিরক্ষা অ্যাটাচি, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা এবং কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিএমসি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল আজিম।
কুয়েত সশস্ত্র বাহিনীর ডাইরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সোলায়মান খালেদ ১৯৯১ সাল থেকে কুয়েতে বাংলাদেশি সদস্যদের অবদান ও আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং দুই দেশের সশস্ত্র বাহিনীর সম্পর্ক আরও দৃঢ় হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ইতিহাস এবং বিএমসির অপারেশনাল কার্যক্রমের ওপর একটি ভিডিও ও চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ ছাড়া দিনটিকে স্মরণীয় করে রাখতে ‘বিএমসি ম্যাগাজিন ২০২৬’-এর মোড়ক উন্মোচন করা হয়। সূএ : বাংলাদেশ প্রতিদিন








