ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : ঢাকা ক্লাবের সামনে থেকে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্যবিষয়ক সদস্য কে.এস.এম. মোস্তাফিজুর রহমানকে গ্রেফতার করেছে সমন্বিত গোয়েন্দা দল।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোস্তাফিজুর রহমান বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্লা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম সৈয়দ জামান খন্দকার এবং মায়ের নাম মোমেনা বেগম।
অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার পাশাপাশি দলটির চলমান নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়ন করতেন তিনি। সাবেক সংসদ সদস্য আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিমের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবেও তিনি পরিচিত বলে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া জুলাই-সংক্রান্ত তিনটি মামলায় তার নাম রয়েছে বলে জানা গেছে। তার এবং ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।
অন্যদিকে, বিদেশে ঘোষণাবহির্ভূত সম্পদ অর্জন, অর্থ স্থানান্তর এবং চীন থেকে অবৈধ অর্থায়ন গ্রহণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।








