ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ৫০ ওভারের ম্যাচে ৩১.৪ ওভারেই সব উইকেট হারিয়ে মাত্র ১৩৮ রান সংগ্রহ করেছে যুবারা। ফলে ফাইনালে উঠতে পাকিস্তানের লক্ষ্য ১৩৯ রান।
বৃহস্পতিবার টস জিতে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। একপ্রান্তে ওপেনার আব্দুল্লাহ আল মুহি ছাড়া ব্যাট হাতে কেউই তেমন প্রতিরোধ গড়তে পারেননি। তিনি একাই করেন ৫০ রান।
টপ অর্ডারের ব্যর্থতায় শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। জারিফ সিয়াম, কাউসার আহমেদ, ফরিদ হাসান ও আহসান আল মুমিনদের ব্যাট থেকে আসেনি প্রত্যাশিত রান। ১০০ রান পূর্ণ হওয়ার আগেই ৫ উইকেট হারিয়ে বসে দলটি।
গত ম্যাচে সেঞ্চুরি করা আহসান আল মুমিন এদিন করেছেন মাত্র ১ রান। অধিনায়ক ফরিদ হাসান ফয়সালের ব্যাট থেকে আসে ২৬ বলে ১৭ রান। শেষদিকে আল রাফি ২০ ও রাকিবুল হোসেন ২৬ রান করে দলের সংগ্রহ কিছুটা বাড়ান। তবে তাতেও দেড়শ রান পেরোনো সম্ভব হয়নি।
পাকিস্তানের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন রিজওয়ানউল্লাহ। তিনি একাই নিয়েছেন ৫ উইকেট। মোহাম্মদ সায়েম পেয়েছেন ২ উইকেট।








