ফাইল ছবি
অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক : খুলনায় দুর্বৃত্তদের ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে মশিউর রহমান (৫৯) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। রবিবার রাত ৮টার দিকে নগরীর মিয়াপাড়া এলাকার কেন্দ্রীয় জামে মসজিদের পাশে হাসানের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
আহত মশিউর রহমান রূপসা উপজেলা শিক্ষা অফিসে হিসাবরক্ষক পদে কর্মরত।
মশিউর রহমান জানান, মেয়ের জন্য খাবার কিনতে মিয়াপাড়া থেকে পিটিআই মোড়ের দিকে যাচ্ছিলেন তিনি। পথে হাসানের চায়ের দোকানের সামনে পৌঁছালে তিনজন ব্যক্তিকে দেখতে পান। এ সময় দুর্বৃত্তরা অন্য কাউকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার বাম পাঁজরের নিচে লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, কারা কী উদ্দেশ্যে গুলি করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।








