ফাইল ছবি
অনলাইন ডেস্ক : পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুর রহিমকে (৪৫) কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম করেছে। এ ছাড়া তার বাম পা ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনেরা।
রবিবার রাত সারে ৭টার দিকে সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের শিকদার মল্লিক দাখিল মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়েছে। রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা প্রেরণ করা হবে।
আহত আব্দুর রহিম জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও সাবেক সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। তিনি পূর্ব শিকদার মল্লিক গ্রামের বাসিন্দা ওমর আলীর ছেলে।
আব্দুর রহিমের বড় ভাই সেকেন্দার শেখ জানান, ১০ থেকে ১২ জন মিলে তার ভাইয়ের ওপর হামলা চালায়। তাকে মাথার বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়েছে। এ ছাড়া বাম পা ভেঙে দেওয়া হয়েছে এবং পায়ের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। স্থানীয় মাদক ব্যবসায়ী একটি চক্র এ হামলা চালায়।
দলীয় নেতাকর্মীদের একটি সুত্র জানিয়েছেন, স্থানীয় দলীয় নেতাকর্মীদের মধ্যে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে।
তবে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনির অভিযোগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা আব্দুর রহিমকে কুপিয়ে জখম করেছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেফতারের জন্য প্রশাসনকে জানানো হয়েছে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।








