ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার ভয়াবহ চিত্র উঠে এসেছে সিসি ক্যামেরার ফুটেজে। শনিবার (১০ অক্টোবর) চালানো ওই হামলায় দুই বাংলাদেশিসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন শতাধিক মানুষ।
সৌদি সংবাদমাধ্যম আল-অ্যারাবিয়ার প্রকাশ করা ভিডিওতে হামলার মুহূর্তে বিমানবন্দরে ছড়িয়ে পড়া আতঙ্কের চিত্র দেখা যায়। হঠাৎ তীব্র আগুনের ঝলক দেখা দেওয়ার পর প্রাণ বাঁচাতে যাত্রীদের ছোটাছুটি করতে দেখা যায়। হামলায় বিমানবন্দরের কিছু অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে।
সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (জিএসিএ) তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে চারজন সৌদি নাগরিক। এ ছাড়া দুই বাংলাদেশি এবং ফিলিস্তিন, যুক্তরাষ্ট্র, মিসর, জর্ডান, সিরিয়া ও সুদানের একজন করে নাগরিক নিহত হয়েছেন।
ফুটেজে আতঙ্কের মুহূর্ত
আল-অ্যারাবিয়ার প্রকাশ করা সিসি ক্যামেরার ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের একটি ফটকের সামনে যাত্রীরা ভ্রমণের প্রস্তুতি নিচ্ছিলেন। তাদের মধ্যে ওমরাহ পালন করতে যাওয়া যাত্রীরাও ছিলেন। হঠাৎ সেখানে দেখা যায় উজ্জ্বল আগুনের ঝলক। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি পাল্টে যায়। আতঙ্কিত হয়ে যাত্রীরা বিভিন্ন দিকে ছোটাছুটি শুরু করেন। হামলার প্রভাবে বিমানবন্দরের ছাদের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার দৃশ্যও ফুটেজে ধরা পড়ে।
সাময়িকভাবে বন্ধ বিমানবন্দরের কার্যক্রম
হামলার পর কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়। ক্ষয়ক্ষতির হিসাব করা এবং বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফ্লাইট চলাচলের তথ্য সরবরাহকারী ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের হিসাবে, হামলার পরবর্তী ২৪ ঘণ্টায় রিয়াদ বিমানবন্দরের অন্তত ২৯১টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
এর আগে এয়ার ইন্ডিয়া, ফ্লাইদুবাই, লুফথানসা গ্রুপ এবং পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসসহ কয়েকটি বিমান সংস্থা রিয়াদ ও সৌদি আরবের অন্যান্য বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা স্থগিত করে। ভ্রমণের আগে যাত্রীদের সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
পাঁচ দিনে চার হামলা
রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পাঁচ দিনের মধ্যে এটি চতুর্থ হামলার ঘটনা। এসব হামলার জন্য ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের দায়ী করা হয়েছে। শনিবারের হামলাটিই সাম্প্রতিক ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে প্রাণঘাতী। এর পরদিন রোববারও বিমানবন্দরে হামলা হয়। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ওই হামলায় পাকিস্তানের এক নাগরিক নিহত হন এবং আহত হন আরও ১১ জন।
রিয়াদ বিমানবন্দরে ধারাবাহিক হামলার ঘটনায় যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। একই সঙ্গে বিমান চলাচল স্বাভাবিক করা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করাকে অগ্রাধিকার দিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সূত্র: আল-জাজিরা ও আল-অ্যারাবিয়া।








