ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় একটি বিদেশি পিস্তল, দুটি গুলির খোসা, একটি ম্যাগাজিন ও দুটি ইলেকট্রিক শক লাইটসহ বাবা-ছেলেকে আটক করেছে পুলিশ।
আজ সকালে উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজাপুর ভূমি অফিস সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
রোববার বিকেলে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন সিরাজগঞ্জের সহকারী পুলিশ সুপার (বেলকুচি সার্কেল) মো. শহিদুল হাসান। তিনি বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে রাজাপুর ভূমি অফিসের পাশে গোলাগুলির ঘটনা ঘটেছে, এমন তথ্য জানিয়ে ৯৯৯-এ ফোন আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে একটি পিস্তল, দুটি গুলির খোসা, একটি ম্যাগাজিন ও দুটি ইলেকট্রিক শক লাইটসহ জেলহক ও তার ছেলে নাসিরকে আটক করে।
তিনি আরও বলেন, আটক দুজন সম্পর্কে বাবা ও ছেলে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে এবং আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশের তদন্ত চলমান রয়েছে।
সংবাদ সম্মেলনে বেলকুচি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান, পুলিশ পরিদর্শক (তদন্ত) জহুল ইসলামসহ থানা পুলিশের সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিল।








