ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে নিহত বেড়ে দাঁড়িয়েছে ১৬০ জনে। নেপালে এমন ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীর শোক জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বন্যায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
এক বার্তায় গুতেরেস বলেন, ভয়াবহ বন্যায় অনেক মানুষের প্রাণহানি ঘটেছে, অনেকে নিখোঁজ রয়েছেন এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে; এ ঘটনায় তিনি গভীরভাবে দুঃখিত।
ক্ষতিগ্রস্ত সবার প্রতি সংহতি জানিয়ে জাতিসংঘ মহাসচিব বলেন, নেপাল সরকারের নেতৃত্বে চলমান উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তা করতে জাতিসংঘের বিভিন্ন দল ও অংশীদাররা সরঞ্জাম ও জনবল পাঠানোর উদ্যোগ নিয়েছে।
স্থানীয় সময় বুধবার রাতে নেপালের পুলিশ জানায়, বন্যা ও ভূমিধসকবলিত এলাকাগুলো থেকে এখন পর্যন্ত ১৫৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রসুয়ায় একজন, নুয়াকোটে ১১ জন, ধাদিংয়ে ১৮ জন, চিতওয়ানে ৩৩ জন, গোর্খায় ১৯ জন, তানাহুঁতে সাতজন এবং নওয়ালপুরে ১১ জনের মরদেহ উদ্ধারের তথ্য পাওয়া গেছে।
সংবাদমাধ্যম আলজাজিরা ও ওয়াশিংটন পোস্ট এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্যোগকবলিত এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এদিকে, ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে আকস্মিক বন্যা ও ভয়াবহ এই ভূমিধসের ঘটনায় নিখোঁজ রয়েছেন শত শত মানুষ, যাদের মধ্যে পাঁচ শতাধিক বিদেশি পর্যটক রয়েছেন।








