ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে যাত্রীবাহী বাস উল্টে সাতজন আহত হয়েছেন। আজ সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বেজগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সকাল ১০টা ৩৫ মিনিটে শ্রীনগর ফায়ার স্টেশনে দুর্ঘটনার খবর আসে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশালের পাথরঘাটা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা রাজিব পরিবহনের বাসটি বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারায়। পরে সড়কের রেলিংয়ে ধাক্কা লেগে বাসটি উল্টে যায়। এতে বাসের সাত যাত্রী আহত হন।
ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহতরা হলেন—পিরোজপুরের অর্চনা মিলি (২৫), কানিজ ফাতেমা (২৩), রাজু (১৭), নুরনবী (৩০), ইব্রাহিম (৪০) ও মরিয়ম (৫৫) এবং বরগুনার সাউদা বেগম (৩৫)।
ফায়ার সার্ভিস জানিয়েছে, দ্রুত উদ্ধার তৎপরতার কারণে আহতদের সময়মতো হাসপাতালে নেওয়া সম্ভব হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।








