ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : ঝিনাইদহের কালীগঞ্জে অপহরণের শিকার অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাজীব হোসেন (১৯) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
ভুক্তভোগী সাথী খাতুন (১৪) বাঘারপাড়া উপজেলার জহুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী
পুলিশ ও ভুক্তভোগীর পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, কালীগঞ্জ উপজেলার দামোদরপুর বাজার থেকে গত ২ আগস্ট সকালে ওই স্কুলছাত্রীকে মোটরসাইকেলে জোরপূর্বক তুলে নিয়ে যায় রাজীব। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন।
পরিবারের অভিযোগ, স্কুলে যাওয়া-আসার পথে বনগ্রামের মো. হাসান আলীর ছেলে রাজীব হোসেন তাকে প্রায়ই উত্ত্যক্ত করতেন এবং কুপ্রস্তাব দিতেন। এতে রাজি না হওয়ায় তাকে অপহরণের হুমকিও দেওয়া হয়।
অভিযোগ অনুযায়ী, ২ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে স্কুলে যাওয়ার পথে দামোদরপুর বাজারে আব্দুস সালামের জুতার দোকানের সামনে পৌঁছালে রাজীব মোটরসাইকেলে করে জোরপূর্বক তাকে তুলে নিয়ে বাঘারপাড়ার দিকে চলে যান।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, মামলা রুজুর পর আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি রাজীব হোসেনকে গ্রেফতার করা হয়। একই অভিযানে অপহৃত স্কুলছাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।








