ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র হুতিদের সতর্ক করে বলেছেন, হামলা বন্ধ না করলে সেনাবাহিনীও আর নীরব থাকবে না। হুতিদের অবস্থান লক্ষ্য করে আরও বড় ধরনের পাল্টা হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
সাম্প্রতিক দিনগুলোতে হুতিদের হামলার কৌশলেও পরিবর্তন দেখা গেছে। ইয়েমেনি সেনাবাহিনী কোনো অভিযান শুরু করার আগেই হামলা চালাচ্ছে গোষ্ঠীটি। হুতিদের দাবি, সৌদি আরবের সহযোগিতায় ইয়েমেনি সেনাবাহিনী তাদের নিয়ন্ত্রিত এলাকায় বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে। সেই আশঙ্কা থেকেই আগাম হামলা চালানো হচ্ছে।
দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। পরিস্থিতি শান্ত করার আহ্বান জানিয়ে দেওয়া বিবৃতিতে হুতিদের সাম্প্রতিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার নিন্দা করা হয়েছে। একই সঙ্গে লোহিত সাগরে তেলের জাহাজে হুতিদের হামলারও সমালোচনা করেছে জাতিসংঘ।
ইয়েমেনের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন আন্তর্জাতিক বিশ্লেষকরাও। তাদের আশঙ্কা, দ্রুত সংঘাত ও উত্তেজনা নিয়ন্ত্রণে আনা না গেলে দেশটিতে আবারও বড় ধরনের গৃহযুদ্ধ শুরু হতে পারে। এমন পরিস্থিতি তৈরি হলে সাধারণ মানুষের দুর্ভোগ এবং চলমান মানবিক সংকট আরও ভয়াবহ রূপ নিতে পারে। সূত্র : আল-জাজিরা।








