ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : গাইবান্ধায় অপহরণের প্রায় তিন মাস পর দশম শ্রেণির এক ছাত্রীকে উদ্ধার করেছে র্যাব। সেইসঙ্গে এই সম্পর্কিত অপহরণ মামলার প্রধান আসামি আহসান হাবিব (২২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে|
আহসান হাবিব সদর উপজেলার রামনাথের ভিটা (বালুচর) এলাকার বকুল মিয়ার ছেলে।
রবিবার (২৮ জুন) দুপুরে র্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শনিবার মধ্যরাতে সাঘাটা উপজেলার সাতটেকোর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুক্তভোগী সদর উপজেলার একটি বিদ্যালয়ের ছাত্রী। বিদ্যালয়ে যাতায়াতের সময় আহসান হাবিব তাকে প্রেম নিবেদনসহ উত্ত্যক্ত করত। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করে ভুক্তভোগী তার পরিবারের সদস্যদের জানায়। পরে বিষয়টি ভুক্তভোগীর পরিবার আহসান হাবিবের মা-বাবাকে জানালে তারা বিয়ের প্রস্তাব পাঠায়। কিন্তু ভুক্তভোগীর পরিবার বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেয়।
এতে আহসান হাবিব ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে ভুক্তভোগী স্কুলছাত্রী রামনাথের ভিটা মন্ডলপাড়া এলাকায় চাচার বাড়িতে যান। সেখান থেকে গত ৩১ মার্চ সন্ধ্যায় আসামিরা তাকে একটি অটোবাইক যোগে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে য়ায়। এ ঘটনায় গত ১১ এপ্রিল ভুক্তভোগীর মা বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অপহরণ মামলা দায়ের করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার ও জড়িত আসামিদের গ্রেফতারে র্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সাঘাটার সাতটেকোর এলাকায় অভিযান পরিচালনা করে আহসান হাবিবকে গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য স্কুলছাত্রী ও আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব-১৩।








