ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : গাইবান্ধার সাদুল্লাপুরে দুই সাংবাদিককে হেনস্তার ঘটনায় সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিনকে বদলি করা হয়েছে। তাকে পঞ্চগড় জেলার বোদা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়ন করা হয়েছে।
বুধবার (২৪ জুন) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার উত্তম কুমার দাশ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে। আদেশে বলা হয়, জনস্বার্থে এ বদলি আদেশ অবিলম্বে কার্যকর হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৮ জুন বিকালে একটি জমির বিষয়ে বক্তব্য জানতে এসিল্যান্ড কার্যালয়ে যান সময় দুই সাংবাদিক হেদায়েতুল ইসলাম বাবু ও জিল্লুর রহমান পলাশ।
অভিযোগ রয়েছে, সাংবাদিকদের দেখেই এসিল্যান্ড জসিম উদ্দিন ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি ক্যামেরা ও মাইক্রোফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন। আঙুল উঁচিয়ে ধমক দেন এবং কার্যালয় থেকে বের হয়ে যেতে বলেন। পরে নিজেও দ্রুত অফিস ছেড়ে যান। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিভাগীয় প্রশাসন বিষয়টি আমলে নেয়। গত রবিবার রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আশরাফুল ইসলাম গাইবান্ধা সার্কিট হাউসে তদন্ত করেন। তদন্তে সাংবাদিকসহ সংশ্লিষ্টদের বক্তব্য গ্রহণ এবং ভূমি অধিগ্রহণ (এলএ) শাখার নথিপত্র পর্যালোচনা করা হয়।
তবে তদন্ত প্রতিবেদন এখনো প্রকাশ করা হয়নি।








