ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বেগম জিয়ার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করেছে। তারা বলেছিলেন, আমাদের নেতা তারেক রহমান নাকি বিদেশে মানি লন্ডারিং করেছেন। তবে কোনো দেশে, কোনো ব্যাংকে তারেক রহমানের নামে কোনো টাকা পায়নি। জিয়া পরিবার জনগণের জন্য কাজ করেছে তা এখন প্রমাণিত হয়েছে।
তিনি আরও বলেন, যারা সরকারকে হেয় করার চক্রান্ত করেন, তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্র অতীতেও হয়েছিল। তাই সবাইকে ঐক্যবন্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে।
শুক্রবার (১ মে) দুপুরে ভৈরব নদী বাংলা সেন্টার প্রাঙ্গণে আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে আয়োজিত র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে উপজেলা শ্রমিক দল সভাপতি মো. আদিলুজ্জামানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহীন, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।








