ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : গণভোটের মাধ্যমে প্রদত্ত জনগণের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে আগামীকাল শুক্রবার বাদ জুমা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য গণসমাবেশ সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।
আজ বৃহস্পতিবার বিকাল ৪টায় বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ঢাকাস্থ সদস্যদের নিয়ে এক বৈঠক শেষে এই আহ্বান জানানো হয়।
মাওলানা মামুনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠক পরিচালনা করেন মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।
বৈঠকে নেতৃবৃন্দ গণসমাবেশকে সফল করতে সার্বিক প্রস্তুতির অগ্রগতি পর্যালোচনা করেন এবং শেষ মুহূর্তের করণীয় বিষয়ে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
বৈঠকে মাওলানা মামুনুল হক বলেন, জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে গণভোটের যে রায় এসেছে, তা বাস্তবায়ন করা এখন সময়ের অপরিহার্য দাবি। এই প্রেক্ষাপটে ২৪ এপ্রিলের গণসমাবেশকে ঐক্যবদ্ধ গণআন্দোলনে রূপ দিতে হবে।
তিনি আরও বলেন, দেশের সর্বস্তরের মানুষ ইতোমধ্যে এ দাবির প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছে। গণমানুষের সেই অভিন্ন প্রত্যাশাকে সুসংগঠিত শক্তিতে রূপান্তর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে।
বৈঠকে সংশ্লিষ্ট সকল স্তরের নেতাকর্মীদের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয় এবং রাজধানীসহ দেশব্যাপী দলীয় ও সাধারণ জনগণকে দলে দলে গণসমাবেশে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়।
গণসমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, বিরোধী দলীয় চীফ হুইপ, ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখবেন।








