ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : ঈদের সরকারি ছুটি চারদিন আগে শেষ হলেও পোষাককর্মীদের ছুটি শেষ হয় বৃহস্পতিবার থেকে। রাত থেকেই কর্মস্থলে ফিরতে শুরু করেছে উত্তরাঞ্চলের পোষাককর্মীরা। যে কারণে যমুনা সেতুতে বেড়েছে যানবাহনের চাপ।
গত ২৪ ঘণ্টায় সেতুর উপর দিয়ে পার হয়েছে ৪৩ হাজারেরও বেশি গাড়ী, আর টোল আদায় হয়েছে ৩ কোটি ৬০ লাখ টাকার বেশি।
এদিকে অতিরিক্ত যানবাহনের চাপ ও যমুনা সেতুর উপর বেশ কয়েকটি গাড়ী বিকল হয়ে পড়ায় সেতুর পশ্চিম মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
শুক্রবার (৫ জুন) সকালে যমুনা সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, বৃহস্পতিবার (৪ জুন) দিবাগত রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৩ হাজার ৯০৯টি যানবাহন চলাচল করেছে। বিপরীতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৬০ লাখ ৪৬ হাজার ৫৫০ টাকা।
এর মধ্যে সেতুর পূর্ব টোলপ্লাজায় (উত্তরবঙ্গগামী লেন) ১৯ হাজার ৫৩৮টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৬৯ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা।
অপরদিকে পশ্চিম টোলপ্লাজায় ২৪ হাজার ৩৭১টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৯০ লাখ ৬২ হাজার ৫০ টাকা।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম জানান, যার ফলে মহাসড়কে যানবাহনের চাপ কয়েকগুণ বেড়েছে। এরমধ্যে ভোররাতে যমুনা সেতুর ওপর ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনে একটি বাস, প্রাইভেটকার ও ট্রাকের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় কেউ হতাহত না হলেও দুর্ঘটনাকবলিত গাড়িগুলো বিকল হয়ে পুরো লেনটি অবরুদ্ধ (ব্লক) হয়ে পড়ে। একই সময়ে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী লেনে গার্মেন্টসকর্মীদের বহনকারী দূরপাল্লার একাধিক ত্রুটিপূর্ণ ও লক্কড়-ঝক্কড় বাস বিকল হয়ে পড়ে। ফলে উভয় লেনেই যানজট সৃষ্টি হয়। সকাল ১১টা পর্যন্ত সেতুর গোলচত্বর থেকে কোনাবাড়ী পর্যন্ত ১২ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছে।








