ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ নতুন একটি ফিচার ‘গেস্ট চ্যাটস’ চালু করতে যাচ্ছে, যার মাধ্যমে অ্যাকাউন্ট না থাকলেও অন্য ব্যবহারকারীর সঙ্গে যোগাযোগ করা যাবে।
নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা একটি বিশেষ লিঙ্ক তৈরি করতে পারবেন। সেই লিঙ্ক শেয়ার করলে প্রাপক কোনো অ্যাকাউন্ট ছাড়াই সরাসরি চ্যাটে যুক্ত হতে পারবেন। এতে এন্ড-টু-এন্ড এনক্রিপশন নিশ্চিত করা হয়েছে, ফলে বার্তার নিরাপত্তা ও গোপনীয়তা বজায় থাকবে। প্রতিটি গেস্ট ব্যবহারকারীর জন্য আলাদা আইডি তৈরি হয়, যা এনক্রিপশনে ব্যবহৃত হয়।
তবে ‘গেস্ট চ্যাটস’-এ কিছু সীমাবদ্ধতা রাখা হয়েছে। এতে গ্রুপ চ্যাট, ছবি বা ভিডিও শেয়ারিং, ডকুমেন্ট, স্টিকার, জিআইএফ, ভয়েস মেসেজ কিংবা কলিং সুবিধা থাকবে না। এটি কেবল টেক্সট মেসেজিংয়ের জন্য ব্যবহৃত হবে।
চ্যাট লিঙ্কটি এসএমএস, ই-মেইল বা অন্যান্য অ্যাপের মাধ্যমে সহজেই শেয়ার করা যাবে। প্রয়োজনে অতিথি ব্যবহারকারীকে ব্লক করার সুবিধাও থাকবে। তবে এই চ্যাট স্থায়ী নয়—১০ দিন কোনো কার্যক্রম না থাকলে এটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে এবং নতুন করে লিঙ্ক তৈরি করতে হবে।
এদিকে, শিশু ও কিশোরদের জন্যও প্ল্যাটফর্মটিকে নিরাপদ করতে উদ্যোগ নিয়েছে হোয়াটসঅ্যাপ। ‘কিডস ভার্সন’ নামে আলাদা একটি সংস্করণ আনার পরিকল্পনা রয়েছে, যেখানে প্যারেন্টাল কন্ট্রোলের মাধ্যমে ব্যবহার সীমিত থাকবে। এতে সাধারণ সংস্করণের অনেক ফিচার থাকবে না, মূল লক্ষ্য থাকবে নিরাপদ ডিজিটাল অভিজ্ঞতা নিশ্চিত করা।








