ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষের বিভিন্ন প্রোগ্রামে ভর্তির জন্য অনলাইনে প্রাথমিক আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড ও এমপিএড প্রোগ্রাম, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএলবি শেষপর্ব, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে এমবিএ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এমএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) প্রোগ্রামে ভর্তির জন্য অনলাইন প্রাথমিক আবেদন আগামী ১৬ মার্চ পর্যন্ত করা যাবে।
তিনি আরও জানান, আগ্রহী প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে। প্রাথমিক আবেদন ফি বাবদ এক হাজার টাকা আবেদনকৃত কলেজে (কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি) আগামী ৩১ মার্চ এর মধ্যে জমা দিতে হবে।
এছাড়া ৫ ফেব্রুয়ারি ২০২৬ প্রকাশিত ‘২০২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি’-এর সব শর্ত ও নিয়মাবলী অপরিবর্তিত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে পাওয়া যাবে।








