ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : সিরাজগঞ্জ আগামী রমজান মাসে দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল তাঁর প্রথম সিরাজগঞ্জ সফর। সেখানে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।
মন্ত্রী বলেন, ‘আমরা চেষ্টা করছি পবিত্র রমজানের সময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে। তবে এটি একটি কারিগরি বিষয়, মাঝেমধ্যে ছোটখাটো ত্রুটি বা ‘ফল্ট’ হতে পারে। তবে অধিকাংশ সময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে বলে আমরা আশা করছি।’
তিনি আরও উল্লেখ করেন যে, রমজানের পরপরই কৃষি ও সেচ মৌসুম এবং গ্রীষ্মকাল শুরু হবে। বিদ্যমান সক্ষমতা দিয়ে সরকার প্রাণপণ চেষ্টা করবে যাতে কৃষি উৎপাদন ও জনজীবনে বিদ্যুতের কোনো সংকট তৈরি না হয়।
দায়িত্ব পালনের চ্যালেঞ্জ প্রসঙ্গে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘বিগত সময়ে যে পরিমাণ বকেয়া রেখে যাওয়া হয়েছে এবং বর্তমানে যে পরিমাণ জ্বালানি আমদানি করতে হবে, সব মিলিয়ে এটি আমার জন্য একটি বড় ‘অগ্নিপরীক্ষা’। আমি সর্বোচ্চ চেষ্টা করছি কীভাবে এই পরিস্থিতি সামাল দিয়ে জনগণকে সুফল দেওয়া যায়।’
এর আগে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ স্থানীয় নেতারা মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।








