ঢাকা, বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬: কর্মক্ষেত্রে সুস্থতা, সহমর্মিতা ও সম্মিলিত দায়িত্ববোধকে আরও দৃঢ় করার লক্ষ্য নিয়ে বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় একটি রক্তদান কর্মসূচির আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক।
১ ও ২ ফেব্রুয়ারি ২০২৬ ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই রক্তদান কর্মসূচিতে ব্যাংকটির বিভিন্ন পর্যায়ের সহকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সংগৃহীত রক্ত দেশের বিভিন্ন প্রান্তের থ্যালাসেমিয়া রোগীদের জন্য ব্যবহার করা হবে, যাদের জীবন মূলত নিয়মিত রক্তসঞ্চালনের ওপর নির্ভরশীল।
কর্মসূচিটির উদ্বোধন করেন ব্র্যাক ব্যাংকের অ্যাক্টিং ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সৈয়দ আব্দুল মোমেন। এ সময় তিনি বলেন, “কর্মক্ষেত্রে সহকর্মীদের সুস্থতা ও সৌহার্দ্যপূর্ণ ওয়ার্ক-কালচার শুধু নীতিমালার মাধ্যমেই নয়, বরং এমন সব অর্থবহ উদ্যোগের মাধ্যমেও গড়ে ওঠে, যা সকল মানুষকে একটি অভিন্ন লক্ষ্য অর্জনের পথে ধাবিত করে।
আমাদের এই উদ্যোগ সহানুভূতিশীল কর্মপরিবেশ গড়ে তোলার পাশাপাশি সমাজে ইতিবাচক প্রভাব সৃষ্টির ব্যাপারে আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন। এই সংস্কৃতি চালু রাখতে আমরা প্রতি চার মাস পর পর রক্তদান কর্মসূচি আয়োজনের পরিকল্পনা করছি।”
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ ফাইন্যান্সিয়াল অফিসার এম মাসুদ রানা এফসিএ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার মনজুলা মোরশেদ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ রিস্ক অফিসার আহমেদ রশীদ জয়, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব অপারেশনস মো. মুনিরুজ্জামান মোল্যা এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।








