ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামে একটি বাড়ির পাশ থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে থানা পুলিশ।
আজ সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের যুগাধ্য পাড়ায় শামীম মাস্টারের (৫৭) বাড়ির পাশে লাল স্কচটেপ দিয়ে মোড়ানো সন্দেহজনক বস্তুটি দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দা আবুল হাশেম জানান, সকালে শামীম মাস্টারের চার বছর বয়সি ছেলে আবু হুরায়রা বাড়ির পাশে খেলতে গিয়ে লাল স্কচটেপে মোড়ানো ককটেল সদৃশ বস্তুটি দেখতে পায়। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশকে খবর দেওয়া হয়। মুজিবনগর থানা পুলিশ বস্তুটি বালতির পানিতে রেখে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মুজিবনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে একটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। কে বা কারা কী উদ্দেশে এটি রেখেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় বস্তুটি সেখানে রাখা হয়।
তিনি আরও জানান, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।








