ফাইল ছবি
অনলাইন ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, পরাজিত একটি শক্তি দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে প্রতিনিয়ত কোথাও না কোথাও ককটেল বিস্ফোরণ, পেট্রোল নিক্ষেপ, বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের মতো সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। সরকার শান্তিপূর্ণভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে।
রবিবার (২৯ নভেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন, দেশে কোনো লকডাউন নেই। সবকিছু স্বাভাবিকভাবেই চলছে। কোনো বেআইনি বা সন্ত্রাসী সংগঠনের কথা বলে লকডাউনের প্রশ্ন তোলা অত্যন্ত দুঃখজনক। সন্ত্রাসীদের কোনো কার্যক্রমকে আমরা রাজনৈতিক কর্মসূচি বলে মনে করি না।
তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক তৎপর না থাকলে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও প্রশাসনকে সহযোগিতা করার জন্য বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতাদের পাশাপাশি বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।








