ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩৩ নম্বর ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম সুমনকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোহাম্মদপুর থানাধীন মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) রাজু আহাম্মেদ তাঁকে গ্রেপ্তার করেন।
পুলিশের প্রাথমিক তথ্যমতে, কামরুল ইসলাম সুমন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ রাখতেন। ঢাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও আওয়ামী লীগের মিছিলের কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে তিনি ওই এলাকায় অবস্থান করছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
কামরুল ইসলাম সুমন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপাপতী এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত জামাল উদ্দিন এবং মায়ের নাম হাসিনা জামান। তিনি বর্তমানে মোহাম্মদিয়া হাউজিং লিমিটেডের ৩/বি, ২৬/বি এলাকায় বসবাস করতেন। তিনি মোহাম্মদপুর ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমান কমিটির সদস্য বলে পুলিশের তথ্যে উল্লেখ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।








