ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : জার্মানির বিভিন্ন প্রদেশে চলছে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসব। দেশটির রাজধানী বার্লিনসহ বিভিন্ন অঞ্চলে পরিবার-পরিজন নিয়ে পূজামণ্ডপে ছুটছেন দেবী দুর্গার ভক্তরা। তারা দেবীর চরণে অঞ্জলি দিয়ে প্রার্থনা করছেন।
আয়োজকেরা জানান, বাংলাদেশ, ভারতসহ অন্যান্য দেশের সঙ্গে মিল রেখে এবারও শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। সপ্তাহের শেষ দুই দিনের ছুটির পাশাপাশি সোমবারও জার্মানির বিভিন্ন পূজামণ্ডপে অসংখ্য ভক্তের উপস্থিতি দেখা গেছে।
এর মধ্যে রয়েছে বায়ার্ন অঙ্গরাজ্যের মিউনিখের মাতৃমন্দির, ফ্রাঙ্কফুর্টের রাইন-মাইন বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশন, স্টুটগার্ট, ডুইসবার্গ, ড্রেসডেনের বঙ্গ উৎসব এবং বার্লিনের হিন্দু সোসাইটি, ইগনাইট ও বার্লিনের বাঙালিসহ অন্যান্য সংগঠনের পূজামণ্ডপ।
শনিবার ও রবিবার সাপ্তাহিক ছুটির দিনে জার্মানির বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা পূজামণ্ডপে সমবেত হন। দেবী দুর্গার চরণে আরতি দিয়ে তারা প্রার্থনা করেন, সব মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হোক।
পূজামণ্ডপে আসা ভক্তদের বিশ্বাস, অসুর দমন এবং দেশ ও জাতির কল্যাণের জন্যই দেবী দুর্গার আবির্ভাব। দেবীর আরাধনার মধ্য দিয়ে তারা অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির প্রতিষ্ঠা কামনা করছেন।
ফ্রাঙ্কফুর্টের দেবীভক্ত ও সংগীতশিল্পী তাপসী রায় বলেন, ‘এবারের দুর্গাপূজার মহাষ্টমীতে দেবী দুর্গার আরাধনার মধ্য দিয়ে শক্তির উপাসনা করা হয়। দেবী দুর্গা শত্রুনাশিনী ও মহাশক্তির প্রতীক। এ কারণে এই দিনে তার পূজা বিশেষ তাৎপর্য বহন করে।’
বুধবার বিজয়া দশমীতে স্বামীগৃহে ফিরে যাওয়ার আগে দেবী দুর্গা দুষ্টের দমন ও শিষ্টের লালনের শিক্ষা দিয়ে যাবেন। এমনটাই প্রত্যাশা ভক্তদের। দেবীর আশীর্বাদে সবার জীবন মঙ্গলময় হোক, সেই প্রার্থনাও করছেন তারা।








