ফাইল ছবি
অনলাইন ডেস্ক : লালমনিরহাটের হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নুর মোহাম্মদ নিহত হয়েছেন। এ ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৪ অক্টোবর) রাতে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের দক্ষিণ বাড়াইপাড়া গ্রামের কালীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত নুর মোহাম্মদ আলী ওই এলাকার বাসিন্দা। এই ঘটনার পর রাতেই পুলিশ অভিযুক্ত বড় ভাই নুর ইসলামসহ তার ভাগিনা শামিককে গ্রেফতার করছে।
স্থানীয়রা জানান, বোনের জমি নিয়ে বড় ভাই নুর ইসলাম ও ছোট ভাই নুর মোহাম্মদ এর মধ্যে বিরোধ চলছিল। এর জেরে বিকালে দুজনের মধ্যে মারামারি শুরু হয়। একপর্যায়ে নুর ইসলাম লাঠি দিয়ে নুর মোহাম্মদকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে রাতে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রধান অভিযুক্তসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে।








