ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : কক্সবাজার সদর উপজেলার হাজি পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবা ও নগদ ৩৬ লাখ টাকাসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। এদের মাঝে একজন নারী রয়েছে।
আজ ভোরে হাজি পাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
অভিযানে আটকরা হলেন- মোমেন মেহেদী আশিক, তার স্ত্রী সাদিয়া ফারহানা এবং তাদের এক সহযোগী। মোমেন এক পুলিশ কর্মকর্তার শ্যালক হিসেবে পরিচিত।
ডিএনসি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে মুবিন নামে এক ব্যক্তির বাসায় তল্লাশি চালানো হয়। এ সময় ওই বাসা থেকে ৯০ হাজার পিস ইয়াবা ও মাদক বিক্রির অর্থ বলে ধারণা করা নগদ ৩৬ লাখ টাকা উদ্ধার করা হয়।
সূত্র আরও জানায়, প্রাথমিক তদন্তে ডিএনসি জানতে পেরেছে গ্রেফতারকৃত ব্যক্তিরা কক্সবাজার হয়ে ইয়াবা পাচারের উদ্দেশ্যে ওই বাড়িতে অবস্থান করছিলেন। তারা টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।
কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ পরিচালক সৌমেন মন্ডল বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়।
তিনি আরও বলেন, উদ্ধারকৃত ইয়াবা ও নগদ অর্থের উৎস এবং আটক ব্যক্তিদের মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।








