ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নাশকতার আশঙ্কায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আমিনুল ইসলাম বলেন, ‘আমাদের ট্রাইব্যুনালের নিরাপত্তা আগের চেয়ে বৃদ্ধি করা হয়েছে। আমাদের কাছে কিছু গোপন তথ্য আছে যে, প্রভাবশালী আসামিদের বিরুদ্ধে বিচার যখন শেষ পর্যায়ে চলে আসে অথবা রায় অপেক্ষমাণ থাকে, ঠিক সেই মুহূর্তে এখানে স্যাবোটাজ বা নাশকতা করার একটি প্রক্রিয়া থাকতে পারে। গোপন তথ্যের ভিত্তিতেই আগাম সতর্কতা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।’
চিফ প্রসিকিউটর জানান, ট্রাইব্যুনালের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। বর্তমানে তারা বাড়তি সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।
বিচারের শেষ পর্যায়ে এসে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে বিচারিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে না পারে, সেজন্যই এই বিশেষ নজরদারি বলে জানান আমিনুল ইসলাম।








