ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : বিরল রক্তজনিত রোগ ‘হিমোলাইটিক অ্যানিমিয়ায়’ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি নরওয়ের ৮৯ বছর বয়সী রাজা হ্যারাল্ডের শারীরিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছে রাজপ্রাসাদ। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ৮৯ বছর বয়সী এই রাজা গত ১০ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটজনক’ বলে জানিয়েছিল রাজপ্রাসাদ।
নরওয়েজিয়ান গণমাধ্যম জানিয়েছে, রাজপরিবারের সদস্যরা বর্তমানে হাসপাতালে রাজার শয্যাপাশে অবস্থান করছেন।
এদিকে, রাজা হ্যারাল্ডের অসুস্থতার খবরে রাজপ্রাসাদের সামনে ফুল রেখে শ্রদ্ধা ও প্রার্থনা জানিয়েছেন সাধারণ মানুষ।
১৯৯১ সাল থেকে সিংহাসনে থাকা রাজা হারাল্ড বর্তমানে ইউরোপের সবচেয়ে বয়স্ক রাষ্ট্রপ্রধান। তার অসুস্থতার কারণে উত্তরাধিকারী ৫৩ বছর বয়সী ক্রাউন প্রিন্স হাকোন অস্থায়ীভাবে রিজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজা হারাল্ডকে সম্প্রতি কর্টিসোন দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। হিমোলাইটিক অ্যানিমিয়া এমন একটি রোগ, যেখানে শরীরে লোহিত রক্তকণিকার সংখ্যা কমে যায়, ফলে ক্লান্তি ও শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দেয়। সূত্র: বিবিসি








