ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : ফরিদপুরে অভিনেতা ফজলুর রহমান বাবুর গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আজ মঙ্গলবার দুপুরে ফরিদপুর কোতয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় ‘কামরাঙ্গা’ নামে পরিচিত বাবুর বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
অভিনেতা জানান, তিনি পরিবার নিয়ে ঢাকায় থাকেন। মাসে এক-দুবার গ্রামের বাড়িতে আসেন। প্রায় ১৫ দিন আগে বাড়িতে গিয়ে দুইদিন অবস্থান করে আবার ঢাকায় চলে যান।
সোমবার (২৪ আগস্ট) রাতে বাড়িতে ফিরে লাইট জ্বালাতে গিয়ে দেখেন বিদ্যুৎ নেই। পরে বাইরে গিয়ে দেখতে পান, বিদ্যুতের মেইন লাইনের তার চুরি হয়ে গেছে। এরপর ছাদে গিয়ে দেখতে পান, এসির তারও নেই। এছাড়া বাইরে থাকা আরও কিছু মালামালও চুরি হয়েছে। তিনি জানান, খোঁজ নিয়ে জানতে পারেন, শুধু তার বাড়িতেই নয়, আশপাশের আরও কয়েকটি বাড়িতেও একইভাবে বিদ্যুতের তারসহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে।
এ বিষয়ে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুল হাসান জানান, অভিনেতা ফজলুর রহমান বাবু তার বাসভবনে বিদ্যুতের তার চুরির ঘটনায় থানায় এসে সাধারণ ডায়েরি করেছেন। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ শুরু করেছে।








