ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : কারাগার কেবল শাস্তির জায়গা নয়, এটি হবে একটি প্রকৃত সংশোধনাগার এই মহৎ প্রত্যয়কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে আটক বন্দিদের জন্য এক ব্যতিক্রমী ও উৎসবমুখর ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারা কর্তৃপক্ষের নিজস্ব উদ্যোগে কারাগারের ভেতরের মাঠে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেল সুপার মো. মজিবুর রহমান মজুমদার। বিশেষ অতিথি হিসেবে মাঠ মাতানো এই আয়োজনে উপস্থিত ছিলেন জেলার মো. হুমায়ুন কবির হাওলাদার এবং ডেপুটি জেলার মো. জসিম উদ্দিন।
খেলা চলাকালীন তারা বন্দিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সুশৃঙ্খল আচরণ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং তাদের এই ইতিবাচক পরিবর্তনকে সাধুবাদ জানান।
কারা সূত্রে জানা গেছে, বন্দিদের মানসিক সুস্থতা ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে কারাগারের অভ্যন্তরে থাকা বন্দিদের মধ্য থেকে একাধিক টিম বা দল গঠন করা হয়। এই দলগুলোর মাধ্যমে এখন প্রতিনিয়ত ফুটবল খেলার আয়োজন করা হচ্ছে। দীর্ঘদিন পর চার দেয়ালের বন্দি জীবনে এমন উন্মুক্ত সুস্থ বিনোদনের সুযোগ পেয়ে সাধারণ বন্দিদের মাঝে আনন্দের জোয়ার বইছে। মাঠের চারপাশ জুড়ে বন্দি দর্শকদের মুহুর্মুহু তালি ও উল্লাস এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।
কারা কর্তৃপক্ষ জানান, কারাগারে বন্দিদের মাঝে ফুটবল খেলা বা নিয়মিত খেলাধুলা চালুর এই উদ্যোগ বন্দিদের মানসিক চাপ ও হতাশা দূর করতে সাহায্য করবে। একইসঙ্গে এটি তাদের অপরাধপ্রবণতা হ্রাস করে সমাজে ফেরার ইতিবাচক মানসিকতা তৈরিতে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে। খেলায় অংশগ্রহণকারী বন্দিদের উৎসাহিত করতে আগামীতে পুরস্কার বিতরণ করার পরিকল্পনাও গ্রহণ করা হচ্ছে।








