ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আমরা সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করতে চাই। এ লক্ষ্য বাস্তবায়নে আমাদের প্রধানমন্ত্রী কাজ করছেন এবং আমরাও সেই ধারাবাহিকতায় কাজ করে যাচ্ছি।
শুক্রবার (২৬ জুন) সকালে দিনাজপুর মিউনিসিপ্যাল হাইস্কুল (বাংলা স্কুল) মাঠে মা ও শিশু সহায়তা কর্মসূচির নিবন্ধন ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. জাহিদ হোসেন বলেন, ২০ বছর বয়সে সন্তান নিলে মা ও সন্তান উভয়েই সুস্থ থাকে। আর ৩৫ বছরের পর সন্তান নিলে বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা দেখা দিতে পারে।
তিনি বলেন, “আগামী দিনে আমরা একটি সুস্থ ও সবল জাতি গড়ে তুলতে চাই। এজন্য শুধু শিক্ষিত মা হলেই হবে না, মাতৃস্বাস্থ্যের পাশাপাশি গর্ভাবস্থা ও সন্তান জন্মের পর সুষম খাদ্য নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, আমরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে ফ্যামিলি কার্ড পৌঁছে দিচ্ছি। ফ্যামিলি কার্ডের জন্য আপনাদের কোথাও খুঁজতে বা দৌড়াতে হবে না। ফ্যামিলি কার্ড আপনাদের বাড়িতেই পৌঁছে যাবে।
জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, দিনাজপুর পৌরসভার প্রশাসক মো. রিয়াজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রফিকুল আলম।








