লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি : জামালপুরে রাস্তা পার হওয়ার সময় বাস চাপায় সোহরাব হোসেন (৬৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (২৭ মে) সদর উপজেলার বিনন্দেরপাড়া এলাকায় জামালপুর-টাঙ্গাইল জাতীয় মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত সোহরাব হোসেন একই এলাকার মৃত তৈয়জ উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর সদর উপজেলার বিনন্দেরপাড়া ঈদগাহে মাঠে শামস উদ্দিন নামে এক ব্যক্তির জানাজায় অংশ নিতে বাড়ি থেকে বের হন সোহরাব হোসেন। যাওয়ার সময় তিনি জামালপুর-টাঙ্গাইল জাতীয় মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই বৃদ্ধের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ক্ষুব্ধ হয়ে স্থানীয়রাল জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আধা ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক করে।
জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।








