অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : ”জনসাধারণকে যে প্রতিশ্রুতি আমরা দিয়েছি সেগুলো পূরণ করার উদ্যোগ নিয়েছি। সরকার দেশের সমস্ত খেলাপি ঋণ আদায় করার উদ্যোগ নিয়েছে। গত ২০ বছরের বাংলাদেশের যত টাকা ঋণ দেওয়া হয়েছে তার মধ্যে শতকরা ৩০ ভাগ খেলাপি হয়েছে। এই পরিসংখ্যান দেখে বোঝা যায় বিগত সরকার ব্যাংক লুট করার জন্য তারা সহযোগিতা করেছে।
আর সেই দিনের ঋণের বোঝা বহন করতে হচ্ছে এখন জাতিকে।” ঈদ উল আযহার আগ মূহুর্তে শুভেচ্ছা ও মতবিনিময় সভায় এমন কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি।
গতকাল ২৭ মে বুধবার বিকেলে বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, একটা দেশে নির্বাচিত সরকার রাষ্ট্রকে লুট করার জন্য লুটতরাজ নেতৃত্ব ও পৃষ্ঠপোষকতা করে তাহলে সেই সরকারকে যখন মানুষ চিনে ফেলে তখন যে পরিণতি হওয়া দরকার সেই পরিণতি হয়েছে। গায়ের জোরে নির্বাচন করেছে ২০২৫ এর ৭ জানুয়ারি। লোকদের ভয় দেখানো, মিথ্যা মামলা এমনকি মন্ত্রীত্বের লোভ দেখানো হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত তাদের ষড়যন্ত্র সফল হয়নি। জানুয়ারিতে জোর করে নির্বাচন করা হয়েছে, আগস্ট
মাসে না খেয়ে পালিয়ে গেছে। এত অপমান আর অসম্মাণজনকভাবে পৃথিবীর কোন রাষ্ট্রনায়ককে পালিয়ে যেতে হয়নি।
উপজেলা বিএনপির আহ্বায়ক সিকদার হাফিজুর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।








