শাহনাজ পারভীন মিতা :
অপু ,কেমন আছো?
নিউমার্কেটের সন্ধ্যায়
আলো আঁধারীর মায়ায়,
চমকে তাকালাম !
খুব চেনা কন্ঠ
একদম আটপৌরে ,
সকাল থেকে রাত গভীরে।
এখন অনেক অচেনা
সময় বয়ে যায় ,
এমনি করেই হয়তো প্রিয়জন অচেনা হয় ।
তাকালাম দুচোখ মেলে
সেই দীঘল কালো কোকড়া চুলে
বনলতার মত দুচোখ মেলে
কত মলিন সময়ের যাতাকলে ।
ভালো আছি !
সময় কেটে যাচ্ছে অনুক্ষণ,
সুখে অসুখে জীবন প্রহরে
তুমি কেমন আছো ! পারমিতা
ভালো নেই আমি,
খুব মনে পড়ে তোমায়
সেই ফেলে আসা দিন
কলোনীর মাঠ ,রাত গভীরে তোমার গান।
বেজে যেতো আকাশ বাতাস
ইট কাঠ ছুঁয়ে ,এই হৃদয়ে অবিরাম।
কিশোরীর কোমল মনে এক গহন টান।
গান ! মনে আছে তোমার !
গান করি না কতকাল,
কোথায় হারিয়ে গেছে সেই সুর লয় তান!
জীবনের কঠিন বাস্তবতার আড়াল।
সেই স্বপ্নময় সময় নদীর মত কলকল
আজ সেখানে গহীন চর,
সেই চরে শুধুই ছলছল
নেই বৃক্ষ ,উত্তপ্ত ঘর।
শুধুই চৈত্রের খড় রোদ
জীবন উত্তাপে দগ্ধ জীবনবোধ ।
অপু ,যদি তুমি চাও
ফেলে আসা সময় ফিরে আসুক,
কালবৈশাখী ঝড় জল ঢালুক।
তবে আমি দিতে পারি বৃক্ষের গান
তোমার হৃদয় ছুঁয়ে তোমার কন্ঠের তান
আমার প্রেমে অবিরত ।
সত্যি যদি তাই হতো! পারমিতা
এই চরে ঘর বাঁধা যেতো
ফুলে ফলে ভরে যেতো চারপাশ
সবুজে সবুজে শীতল আবাস ।
সময় বড় নিষ্ঠুর
সে ফিরে আসে না,
কালে কালে বেলা গড়িয়ে সন্ধ্যা নামে
জীবন নদীর পাড়ে ।
যেখানে এখন সুর্যাস্ত ,
এখনই নামবে আঁধার রাত ।
তুমি দেখছো ! অপু
ওই আকাশ,ধ্রুবতারা!
যে পথ দেখাবে সঠিক দিশায়
পার হবো পায়ে পায়ে গোপন নেশায় ।
আবার আসবে নতুন ভোর
পাখি গাইবে গান সূর্যালোকে ,বিভোর
সেই আলোকে চোখ মেলবো তুমি আমি,
নতুন স্বপ্ন নিয়ে জীবন স্বপ্নে রঙ তুলি ।
যেখানে বিছিয়ে থাকবে শিউলি ফুল
আমাদের দু,চোখে জীবনের স্বপ্ন বকুল








