সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সত্যিকারের স্বাধীনতা অর্জিত হয়েছে ৭ নভেম্বর।
মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘ঐতিহাসিক ৭ নভেম্বর : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী।
রিজভী বলেন, তিনিই স্বাধীনতার একজন বংশীবাদক, যিনি উদ্যম, নির্ভয় এবং সাহসিকতার সঙ্গে স্বাধীন সংগ্রাম ও যুদ্ধ পরিচালনা করে। তিনি ছিলেন শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কোনো ধরনের দ্বিধা নেই, শঙ্কা নেই, কোথায় কে আছে, তার কোনো খরব নেই। চট্টগ্রাম কালুরঘাট থেকে ঘোষণা দিলেন, ‘আমি মেজর জিয়া বলছি, আমি স্বাধীনতার ঘোষণা করছি’।
তিনি বলেন, ৭ নভেম্বর এই একই ব্যক্তি ঘোষণা দিলেন, আমি মেজর জিয়া বলছি। এরপর অনেক ঘটনা প্রবাহিত হয়েছে। যারা গণতন্ত্র চর্চা করবে, তারা গণতন্ত্র হত্যা করল। কথা বলার স্বাধীনতা হরণ করল। দল করার ক্ষমতা কেড়ে নিল। তবে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই প্রকৃত গণতন্ত্র ফিরে এনেছেন। জনগণ তার উপর আস্থা রেখেছিল। এটাই প্রকৃত ভালোবাসা। তিনিই প্রকৃত জাতীয়তাবাদ প্রতিষ্ঠার সংগ্রাম করেছেন।
বিএনপির এই নেতা বললেন, ফ্যাসিবাদ যেখানে বিকাশ লাভ করে, সেখানে গণতন্ত্র থাকে না। এমনকি ফ্যাসিজমের বিষাক্ত ছোবলে যখন গণতান্ত্রিক প্রতিষ্ঠান, নির্বাচন, সংবাদপত্র, মত প্রকাশের স্বাধীনতা আক্রান্ত হয়, তখন শিক্ষা প্রতিষ্ঠানও আক্রান্ত হয়। শেখ হাসিনার ফ্যাসিজম একনায়েক তন্ত্রের চেয়েও বহুগুণ খারাপ ছিল। ফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো চরম আক্রান্ত ছিল।








