ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : বিদেশে পালিয়ে থাকা অপরাধীদের খুঁজে বের করে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, সন্ত্রাস ও নাশকতার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। এ ক্ষেত্রে সরকার কঠোর অবস্থানে রয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় সিলেটের দাড়িয়াপাড়ায় নিজ বাসার সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
বিদেশে অবস্থানরত রাজনৈতিক নেতাদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রশ্ন করা হলে প্রতিমন্ত্রী বলেন, সন্ত্রাসীদের দেশে ফিরতে পাসপোর্টের আবেদনের প্রয়োজন হয় না। প্রত্যর্পণ চুক্তির আওতায় হ্যান্ডকাফ পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্য দিয়ে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।
শেখ হাসিনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, তাঁর বিরুদ্ধে ফাঁসির রায় হয়েছে। আরও অনেক মামলা বিচারাধীন রয়েছে। বাংলাদেশের জনগণ ও আইনের শাসনই তাঁর অবস্থান নির্ধারণ করে দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগ সম্পর্কে কঠোর মন্তব্য করে হুমায়ুন কবির বলেন, ‘আওয়ামী লীগ এখন আওয়ামী সন্ত্রাসী লীগ। তাদের নেত্রী দল ও পরিবার সব ধ্বংস করেছে। এখানে এখন যারা আছে, তাদেরও ধ্বংস করা শুরু করেছে।’
তিনি বলেন, দেশের যেসব অপরাধী মানুষ হত্যা করে পালিয়ে গেছে, তাদের প্রত্যেককে খুঁজে বের করা হবে। যারা দেশের শাসনব্যবস্থা ও সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার চেষ্টা করেছে, তাদেরও আইনের আওতায় আনা হবে।
এদিকে শুক্রবার ভোরে তাঁর বাসার গেটে আগুন দেওয়ার ঘটনা নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, দুর্বৃত্তরা বাসার গেটে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। তাদের উদ্দেশে কটাক্ষ করে তিনি বলেন, ‘জয় বাংলা বলেই দৌড়, খুঁজে মিলে না।’
হুমায়ুন কবির বলেন, সরকার সহনশীলতার চর্চা করে। তবে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। বাংলাদেশে কোনো সন্ত্রাসীর জায়গা হবে না।
তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, দেশে রাজনৈতিক ও কূটনৈতিক নেতৃত্বের ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে। বৈদেশিক বিনিয়োগ আসছে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় শাসনব্যবস্থা কাজ করছে। তবে একটি ক্ষুদ্র গোষ্ঠী এসব অগ্রগতি মেনে নিতে পারছে না বলে মন্তব্য করেন তিনি।
সরকার এসব কর্মকাণ্ডের কারণে কোনো চাপে রয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সরকার কোনো চাপে নেই। পালিয়ে থাকা অপরাধীরা দেশে ফিরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর সুযোগ পাবে না। তারা হয় পালানোর চেষ্টা করবে, নয়তো আইনের আওতায় আসবে।








