ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : নরসিংদীর পলাশে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে উপজেলার জিনারদী ইউনিয়নের বারারচর গ্রামে অবস্থিত ব্যাংকটির জিনারদী শাখায় এ ঘটনা ঘটে। এতে ব্যাংকের কয়েকটি স্থানে আগুন ধরে যায়। তবে আগুন লাগার পরপরই স্থানীয়রা তা নিভিয়ে ফেলেন।
স্থানীয়রা জানান, দুর্বৃত্তরা ব্যাংকের শাখাটিতে অন্তত চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। তবে এ ঘটনায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ বিষয়ে ব্যাংকের নৈশপ্রহরী আফাজউদ্দিন জানান, তিনি ঘুমিয়ে ছিলেন। এ সময় একটি শব্দ শুনতে পান। এরপর পোড়া গন্ধ বের হলে গেট খুলে ওপরের কর্মকর্তাকে ডাকেন। বাইরে বের হয়ে আগুন দেখতে পান। পরে পানি দিয়ে আগুন নেভান। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তিনি দেখেননি।
এ বিষয়ে পলাশ থানার সেকেন্ড অফিসারের সঙ্গে কথা হলে তিনি জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। এ বিষয়ে খোঁজ নিয়ে পরে জানাবেন।
এদিকে এ ঘটনার পর স্থানীয়রাসহ ব্যাংকটিতে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।








