ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : ঝিনাইদহের শৈলকুপায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীবাহী দিগন্ত নামের একটি ডাবল ডেকার বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে চলন্ত বাসটিকে লক্ষ্য করে ছোড়া বোমাটি সড়কে পড়ে যাওয়ায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন বাসে থাকা ৩৫ জন শিক্ষার্থী। এ ঘটনায় কেউ হতাহত না হলেও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার চাঁদপুর এলাকার ড্রাগন বাগানের সামনে এ ঘটনা ঘটে।
বাসে থাকা শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ঝিনাইদহের আরাপপুর থেকে ৩৫ জন শিক্ষার্থী নিয়ে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে রওনা হয় দিগন্ত নামের বাসটি। পথে শৈলকুপার ভাটই বাজার এলাকায় সড়ক নির্মাণকাজের কারণে দীর্ঘ সময় যানজটে আটকে থাকে বিশ্ববিদ্যালয়ের বাসগুলো। যানজট ছেড়ে অন্যান্য বাস এগিয়ে গেলেও দিগন্ত বাসটি কিছুটা পেছনে পড়ে
যায়।
পরে চাঁদপুর এলাকার ড্রাগন বাগানের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলে থাকা হেলমেট পরিহিত দুই ব্যক্তি বাসটি লক্ষ্য করে পেট্রোল বোমাসদৃশ একটি বস্তু নিক্ষেপ করেন। তবে বাসটি চলন্ত অবস্থায় থাকায় সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে সড়কে ছিটকে পড়ে। এ সময় চালক দ্রুত বাসটি ঘটনাস্থল থেকে সরিয়ে নেন।
বাসচালক বোরহান উদ্দিন বলেন, ভাটই বাজার এলাকায় সড়ক নির্মাণকাজের কারণে দীর্ঘ সময় যানজটে আটকে ছিলাম। যানজট ছাড়ার পর বাসটি নিয়ে এগিয়ে যাওয়ার সময় চাঁদপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি আগুনের মতো কিছু একটা ছুড়ে মারেন। সেটি বাসে না লেগে রাস্তায় পড়ে যায়। পরে দ্রুত বাস নিয়ে ঘটনাস্থল ত্যাগ করি।
বাসে থাকা আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রাকিব হোসেন বলেন, বাস চলতে শুরু করার কিছুক্ষণ পরই সেটি লক্ষ্য করে বোমা নিক্ষেপ করা হয়। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন তারা। এ ঘটনায় বাসের সবাই আতঙ্কিত হয়ে পড়েন।
ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী সজিব রহমান জানান, মোটরসাইকেলটিতে দুজন আরোহী ছিলেন এবং দুজনের মাথায়ই হেলমেট ছিল। তাদের একজন বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেন। তবে মোটরসাইকেলের নম্বর শনাক্ত করা সম্ভব হয়নি।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের গাড়িতে নাশকতার চেষ্টার ঘটনায় রেজিস্ট্রারকে শৈলকুপা থানায় মামলা করার নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের নিরাপদ ও
নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে ঝিনাইদহ ও কুষ্টিয়ার পুলিশ সুপারদের বিষয়টি জানানো হয়েছে।
শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নাশকতার আশঙ্কায় মহাসড়কে পুলিশের টহল জোরদার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
ওসি আরও বলেন, নিষিদ্ধ ছাত্রসংগঠনের কর্মসূচিকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।








