ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় অস্থিরতার নেপথ্যে পলাতক অপশক্তি কলকাঠি নাড়ছে বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব হলে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) যৌথ উদ্যোগে সাংবাদিকদের পেশাগত ও আর্থিক কল্যাণ, নিরাপত্তা এবং জীবনমান উন্নয়নে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় তিনি ছিলেন প্রধান অতিথি। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মাহাম্মদ আবদুল বাছির (বাছির জামাল)।
প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে সরকার পলাতক এই অপশক্তিকে চিহ্নিত করেছে। কিন্তু কিছু গণমাধ্যম প্রকৃত চিত্র তুলে না ধরে, পোশাক খাতের অস্থিরতাকে শ্রমিক আন্দোলন হিসেবে প্রচার করে এই অস্থিতিশীলতাকে উসকে দেওয়ার অপচেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের জনগণ তাদের ষড়যন্ত্র কিছুতেই সফল হতে দেবে না।
দেশের স্থিতিশীলতা রক্ষায় সংবাদ মাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে উল্লেখ করে মীর হেলাল বলেন, উদ্দেশ্যমূলকভাবে সংবাদ প্রকাশের মাধ্যমে অস্থিতিশীলতায় উসকানি দিলে গোটা দেশ ক্ষতিগ্রস্ত হবে। পক্ষান্তরে ওই গণমাধ্যমও ক্ষতিগ্রস্ত হবে।
কাদের গনি চৌধুরী বলেন, দাসত্ব সাংবাদিকতাকে মানুষ মনে প্রাণে ঘৃণা করে। দাসত্ব সাংবাদিকতার কারণেই ফ্যাসিবাদী শাসন দীর্ঘায়িত হয়েছে। আমাদের এত মিডিয়া থাকলে আয়নাঘরের খবর জানতে হয়েছে বিদেশি মিডিয়ার মাধ্যমে। ১৭ বছর ধরে যারা দাস সাংবাদিকতার চর্চা করেছে তারা এখন লোকচক্ষুর অন্তরালে অবস্থান করে প্রকাশ্যে আসতে লজ্জা পাচ্ছে। আমাদের যেন ওই পরিণতি ভোগ করতে না হয় সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে। বর্তমানে অপসাংবাদিকদের প্রভাব বেড়েছে। এর থেকে বের হতে হলে সরকারের উদ্যোগে প্রকৃত সাংবাদিকদের তালিকা করুন।
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির জামাল বলেন, সাংবাদিকদের কল্যাণে যত উল্লেখযোগ্য প্রকল্প ও পরিকল্পনা আছে তার প্রায় সবটাই বিএনপি সরকারই নিয়েছে। আগে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সব সহযোগিতা শুধু একটি রাজনৈতিক দলের অনুসারী সাংবাদিকরাই পেত। কিন্তু বর্তমানে সেই প্রবণতা ভেঙে দেওয়া হয়েছে। পেশাদার ও অসচ্ছল সাংবাদিকদের কল্যাণে বর্তমান সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। ৬৫ বছরের বেশি বয়সী অসচ্ছল সাংবাদিকদের জন্য মাসিক ভাতা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান ২৫ কোটি টাকায় উন্নীত করার লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। বর্তমানে অসুস্থ সাংবাদিকদের চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে সহায়তা দেওয়া হচ্ছে।
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদসহ বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন জেলার সাংবাদিক নেতারা।
পরে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি ও বান্দরবানের ২০ জন অসচ্ছল ও অসুস্থ সাংবাদিকের মাঝে সহযোগিতার চেক বিতরণ করা হয়।








