ফাইল ছবি
অনলাইন ডেস্ক : মাদারীপুরের রাজৈরে পরকীয়া সম্পর্কে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী সুজন মুন্সীকে আটক করেছে পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কবিরাজপুর ইউনিয়নের শ্রীকৃষ্ণদী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জান্নাতুল ইসলাম মাইসা গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী এলাকার হাবিবুর রহমান সেজালের মেয়ে। অভিযুক্ত সুজন মুন্সী একই ইউনিয়নের শ্রীকৃষ্ণদী গ্রামের আব্দুর রব মুন্সীর ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সৌদি আরবপ্রবাসী সুজন মুন্সীর সঙ্গে পারিবারিকভাবে মাইসার বিয়ে হয়। বিয়ের পর স্বামীর পরকীয়া সম্পর্ক নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়। এ নিয়ে সুজন একাধিকবার মাইসাকে মারধর করেন বলেও অভিযোগ রয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার বিকেলে মাইসাকে শ্বাসরোধে হত্যার পর ঘরের মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর পরিবারের সদস্যরা।
পরে সুজন মাইসাকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং তার পরিবারকে খবর দেন। সেখানে গিয়ে মাইসার শরীরে আঘাতের চিহ্ন দেখতে পান স্বজনরা। তাঁদের সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে হাসপাতাল থেকে সুজনকে আটক করে পুলিশ। নিহতের পরিবার জানিয়েছে, মাইসা দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য তা মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ বা মামলা করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








