ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে মাদকসহ মামুনুর রশিদ নামে একজনকে আটক করেছে বিজিবি। এসময় ৫০২ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ সিরাপ ও ১৭৫পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত মামুনুর রশিদ হচ্ছে জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের খলিলের ছেলে।
মহানন্দা ব্যাটালিয়ন, ৫৯বিজিবির অধিনায়ক লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী জানান, শুক্রবার রাতভর অভিযান চালিয়ে মুসলিমপুর এলাকা থেকে মামুনুর রশীদকে ভারতীয় নেশাজাতীয় ৩১০ বোতল এসকাফ সিরাপ, ১টি সিএনজি এবং ১টি ব্যবহৃত মোবাইল ফোনসহ আটক করা হয়।
অন্যদিকে তেলকুপি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৮ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ, ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি বাইসাইকেল আটক করা হয়।
বিজিবি অধিনায়ক বলেন, ৩টি পৃথক অভিযানে আটককৃত আসামিসহ জব্দকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের বিষয়ে বিজিবি’র পক্ষ হতে আইনি পদক্ষেপ গ্রহণের কাজ চলমান রয়েছে।
তিনি আরও বলেন, মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সব ধরনের চোরাচালান রোধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।








