ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : ভারতের কলকাতার হোটেল শিখা ইনে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামান সাজুর মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার (২২ আগস্ট) সকাল ১০টার দিকে ভোমরা স্থলবন্দরে তার মরদেহ পৌঁছায়। পরবর্তীতে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, লাশবাহী গাড়িটি সাজুর গ্রামের বাড়ি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বরেয়ার উদ্দেশে রওনা হবে। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
এদিকে কুষ্টিয়ার একই পরিবারের চার সদস্যসহ সাভারের আহমেদ বাবুর মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
নিহতদের পরিবারের সদস্যদের জন্য বিশেষ পাসপোর্টের ব্যবস্থা করেছে বাংলাদেশ হাইকমিশন। এ ছাড়া পরিবারের ইচ্ছায় নিহত এক নারীর মরদেহ কলকাতার নিমতলা শ্মশানে সৎকার করা হয়েছে।
এর আগে, গত বুধবার রাতে কলকাতার হোটেল শিখা ইনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে সাতজনই বাংলাদেশি। এ ঘটনায় দগ্ধদের মধ্যেও কয়েকজন বাংলাদেশি রয়েছেন।








