ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : দেশের ২৩তম রাষ্ট্রপতির হাতে ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন প্রধানমন্ত্রী- এমন একটি মুহূর্তের ছবি। আর সেই ছবির সঙ্গে মাত্র দুই শব্দের আবেগঘন বার্তা, ‘ধন্যবাদ, কৃতজ্ঞতা।’ বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঘিরে মেয়ে শামারূহ মির্জার এই ছোট্ট ফেসবুক পোস্টই যেন প্রকাশ করল এক দীর্ঘ রাজনৈতিক পথচলার পারিবারিক আবেগ।
শুক্রবার (২১ আগস্ট) সকালে নিজের ফেসবুক পেজে প্রতীকী এই ছবি পোস্ট করেন শামারূহ মির্জা। ছবিতে দেখা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমান নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল তুলে দিয়ে অভিনন্দন জানাচ্ছেন।
পোস্টের ক্যাপশনে শামারূহ লেখেন, ‘ধন্যবাদ, কৃতজ্ঞতা।’
এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। পরে নির্বাচন কমিশন তাকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে।
রাষ্ট্রপতি নির্বাচনের এই ফল মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। এর আগে ১৩ আগস্ট বিএনপি রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করে। প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পর তিনি দলের মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে সরে দাঁড়ান।
তবে রাষ্ট্রপতি হওয়ার এই পথটি মির্জা ফখরুলের জন্য কেবল রাজনৈতিক অর্জনের গল্প নয়; এর সঙ্গে জড়িয়ে আছে দীর্ঘদিনের সংগ্রাম, পরিবার ও সহযোদ্ধাদের ভূমিকা। রাষ্ট্রপতি প্রার্থী হওয়ার আগের দিন সংসদীয় দলের সভায় দেওয়া বিদায়ী বক্তব্যেও আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন তিনি।
মির্জা ফখরুলের ব্যক্তিজীবনেও পরিবার সবসময় গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে। স্ত্রী রাহাত আরা বেগম এবং দুই মেয়ে শামারূহ ও সাফারূহ তার দীর্ঘ রাজনৈতিক জীবনের সঙ্গী। চলতি বছরের জানুয়ারিতে নিজের জন্মদিনের এক ফেসবুক পোস্টে ফখরুল নিজেই স্ত্রী ও মেয়েদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। মেয়েদের পাশে থাকার কথা উল্লেখ করে তিনি বলেছিলেন, তাদের সমর্থন তার জন্য গুরুত্বপূর্ণ।
রাষ্ট্রপতি পদে ফখরুলের মনোনয়ন ঘোষণার পর তার পরিবারেও দেখা দিয়েছিল আবেগ ও উচ্ছ্বাস। ঠাকুরগাঁওয়ে তার রাজনৈতিক সহযোদ্ধা ও পরিবারের সদস্যরা এ অর্জনকে দীর্ঘদিনের ত্যাগ ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে উল্লেখ করেছিলেন।
সেই ধারাবাহিকতায় বাবার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর শামারূহের মাত্র দুই শব্দের পোস্ট- ‘ধন্যবাদ, কৃতজ্ঞতা’- রাজনৈতিক বক্তব্যের চেয়ে যেন পারিবারিক অনুভূতির প্রকাশ হিসেবেই সামনে এসেছে। ফুল হাতে বাবার ছবির সঙ্গে তার এই সংক্ষিপ্ত বার্তাটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে নজর কেড়েছে।








