ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ মো. সুমন (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার (১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আদারিয়াতলা এলাকার একটি বসতবাড়ির সামনের পায়ে চলা রাস্তায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার সুমন মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকার আব্দুল কাদিরের ছেলে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ ইশতিয়াক আশফাক রাসেলের নেতৃত্বে এসআই (নিঃ) সৈয়দ হাসিব আহম্মেদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সুমনকে পাঁচ কেজি গাঁজাসহ আটক করেন।
এ ঘটনায় মুন্সীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশ জানিয়েছে, মুন্সীগঞ্জ জেলায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধ দমনে ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।








