ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : বগুড়ার আদমদীঘির সান্তাহারে এক নারীকে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে অশালীন ছবি, ভিডিও ও আপত্তিকর বার্তা পাঠিয়ে কু-প্রস্তাব দেওয়া এবং তার শিশু কন্যাকে যৌন নিপীড়নের অভিযোগে দায়ের করা মামলায় আপন বাদশা (২৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাত ৯ টায় নওগাঁ শহরের ছোট যমুনা নদীর উপর অবস্থিত লর্ড লিটন সেতু থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার (১১ জুলাই) সকালে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ তাকে আদালতে প্রেরণ করে।
গ্রেফতার বাদশা আদমদীঘি উপজেলার উথরাইল জাহানাবাজ গ্রামের আজিজার রহমানের ছেলে।
জানা যায়, গ্রেফতার আপন বাদশা দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে ভুক্তভোগী নারীকে অশালীন ছবি, ভিডিও ও আপত্তিকর বার্তা পাঠিয়ে মানসিকভাবে হয়রানি করছিলেন। পাশাপাশি বিভিন্ন সময় অডিও কলে কু-প্রস্তাব দেওয়ার পাশাপাশি তার ১০ বছর বয়সী শিশু কন্যাকে রাস্তাঘাটে যৌন নিপীড়ন করতেন। গত ২১ জুন দুপুর সাড়ে ১২ টায় ওই নারী স্কুটি বাইক নিয়ে বাসায় ফেরার পথে সান্তাহার রেলগেট অতিক্রম করার সময় অভিযুক্ত বাদশার সঙ্গে তার দেখা হয়। এসময় তিনি অশালীন ছবি, ভিডিও ও বার্তা পাঠানো এবং তার শিশু কন্যাকে রাস্তাঘাটে কেন যৌন নিপীড়ন করেন বিষয়টি জানতে চান। এতে বাদশা ক্ষিপ্ত হয়ে পেছন দিক থেকে তাকে কিলঘুষি মারেন এবং একপর্যায়ে হাতে থাকা লোহা জাতীয় একটি অস্ত্র দিয়ে তার মাথার পিছনে আঘাত করেন। এতে তার মাথার বাম পাশে ফেটে গিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। এ সময় বাদশা ওই নারীর গলায় থাকা স্বর্ণের একটি চেইন নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এরপর গত ২৭ জুন রাতে ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও সংশ্লিষ্ট ধারায় সান্তাহার রেলওয়ে থানায় একটি মামলা দায়ের হয়। এরপর অভিযান চালিয়ে শুক্রবার রাতে নওগাঁ শহরের লর্ড লিটন সেতু থেকে আপন বাদশাকে গ্রেফতার করা হয়।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ দুলাল উদ্দীন জানান, গ্রেফতার আপন বাদশাকে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।








