ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাক, পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক কাউছার মিয়া (৩২) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
আজ সকালে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাউছার মিয়া নরসিংদী জেলার বেলাবো উপজেলার ভাটেরচর গ্রামের মৃত মুতি মিয়ার ছেলে।
পুলিশ জানায়, সকালে ঢাকাগামী একটি মুরগিবাহী পিকআপ ভ্যানের সঙ্গে সিলেটগামী শাহ সিমেন্ট কোম্পানির একটি ট্রাক এবং একটি সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে পিকআপ ভ্যান ও অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক কাউছার মিয়ার মৃত্যু হয়। এছাড়া পিকআপ ভ্যানের হেলপার, অটোরিকশাচালক এবং ট্রাকচালক গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন এবং দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে ট্রাক, পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক নিহত হয়েছেন। আহত তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো পুলিশের হেফাজতে রয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।








