ফাইল ছবি
অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রীর তথ্য এবং পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আওয়ামী লীগের নৈতিক সাহস নাই, তবে তাদের নাশকতার সক্ষমতা আছে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনাল। আওয়ামী লীগ একটা নিষিদ্ধ ঘোষিত দল। নিষিদ্ধ ঘোষিত কথাটা আসলে ঠিক না। আমরা যদি টেকনিক্যালি বলি আওয়ামী লীগ দলটা নিষিদ্ধ হবে কি হবে না- এটা পরিষ্কার করা দরকার। সেটা নির্ধারিত হবে আদালতে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তারা মানবতাবিরোধী অপরাধে যুক্ত ছিল কি ছিল না, সেটা বিচারের পর নির্ধারিত হবে।
তিনি বলেন, তাদের কার্যক্রম নিষিদ্ধ থাকবে সন্ত্রাসবিরোধী আইনের অধীনে। এই দল যদি মাঠে কোনো কর্মসূচি নিয়ে নামতে চায়, সেটা আইন ভঙ্গকারী কার্যক্রম হবে। সরকার সেটার ব্যবস্থা নেবে।
মঙ্গলবার (২৩ জুন) সকালে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এসময় তিনি আরও জানান, জনগণের নিরাপত্তার স্বার্থে কয়েকটি জেলায় সেনাবাহিনী মোতায়েন হয়েছে।
উপদেষ্টা জানান, বাংলাদেশ-মালয়েশিয়া সরকার প্রধানের বৈঠকে মুক্ত বাণিজ্য চুক্তি এগিয়ে নিতে আলোচনা হয়েছে। মালয়েশিয়ায় শ্রমবাজার খুলে দেওয়ার বিষয়ে দুই দেশের প্রধানমন্ত্রীর আলোচনা হয়েছে। শিগগিরই শ্রমবাজার উন্মুক্ত হবে। পুরো সফরে আগ্রহ ও আন্তরিকতা দেখিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।








