ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : গাজা উপত্যকার উদ্দেশে মানবিক সহায়তা বহনকারী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামের নৌবহরকে আন্তর্জাতিক জলসীমা থেকে আটক করেছে ইসরায়েলি নৌবাহিনী। আয়োজকদের দাবি, গ্রিসের কাছাকাছি ভূমধ্যসাগরে এই অভিযান চালানো হয়েছে, যা তারা ‘বিচারহীনতার চরম উদাহরণ’ হিসেবে আখ্যা দিয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, চলতি মাসের ১২ এপ্রিল স্পেনের একটি বন্দর থেকে গাজাগামী মানবিক সহায়তা নিয়ে দ্বিতীয় ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ যাত্রা শুরু করে। বহরটি খাদ্য ও জরুরি সরঞ্জাম নিয়ে অবরুদ্ধ গাজায় পৌঁছানোর উদ্দেশ্যে রওনা হয়েছিল।
আয়োজকদের বিবৃতিতে বলা হয়, ‘এটি সরাসরি জলদস্যুতা। ভূমধ্যসাগরের ক্রিট দ্বীপ সংলগ্ন আন্তর্জাতিক জলসীমা থেকে আমাদের বেআইনিভাবে আটক করা হয়েছে। কোনো রাষ্ট্র নিজ জলসীমার বাইরে এ ধরনের অভিযান চালাতে পারে না।’ তারা আরও অভিযোগ করেন, ইসরায়েল আন্তর্জাতিক নিয়ম উপেক্ষা করে ইউরোপীয় উপকূলসংলগ্ন এলাকাতেও নিজেদের নিয়ন্ত্রণ বিস্তারের চেষ্টা করছে।
অন্যদিকে, জাতিসংঘে ইসরায়েলের স্থায়ী প্রতিনিধি ড্যানি ড্যানন জানিয়েছেন, নৌবহরটিকে ইসরায়েলি জলসীমায় প্রবেশের আগেই থামানো হয়েছে।
উল্লেখ্য, গত বছরের অক্টোবরে একই উদ্যোগে পাঠানো আরেকটি নৌবহরও গাজায় পৌঁছানোর আগেই থামিয়ে দেয় ইসরায়েলি বাহিনী। সেই অভিযানে সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গসহ ৪৫০ জনের বেশি অংশগ্রহণকারীকে আটক করা হয়েছিল। সূত্র: রয়টার্স








