ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : চট্টগ্রামে সকাল থেকে তেমন বৃষ্টি না থাকলেও কিছুক্ষণ আগে শুরু হয়েছিল মুষলধারে বৃষ্টি। তবে সর্বশেষ খবর হচ্ছে, বৃষ্টি কমেছে। দুই দলও টিম বাসে করে মাঠে চলে এসেছে টিম হোটেল থেকে। চট্টগ্রাম স্টেডিয়ামে ড্রেনেজ ব্যবস্থাও বেশ ভালো। সে ক্ষেত্রে বৃষ্টি থামলে দ্রুততম সময়ের মধ্যেই খেলা শুরু করা যাবে বলে আশা করা যাচ্ছে।
চট্টগ্রামে গতকাল দিনেও টানা বৃষ্টি হয়েছে। সন্ধ্যার পর বৃষ্টি কমে এসেছে। সকালেও তেমন বৃষ্টি ছিল না। তবে ১২টার আশেপাশে মুষলধারে বৃষ্টি শুরু হয়। যা এখনও চলছে, তবে আগের চেয়ে কমেছে। মাঠে চলে এসেছেন দুই দলের ক্রিকেটার, কোচিং স্টাফ, সাপোর্ট স্টাফের সদস্যরা।
৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টির সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে নিউজিল্যান্ড। ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে ২-১ ব্যবধানে হেরেছে তারা। প্রথম ওয়ানডেতে জয়ের পর হেরেছে টানা দুই ম্যাচ। এবার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হেরেছে কিউইরা। টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ।
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ২৯ এপ্রিল, তৃতীয় টি-টোয়েন্টি মাঠে গড়াবে ২ মে, মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।








